শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ হঠাৎ করে পেশিতে টান লেগে ব্যথা হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। আপাতদৃষ্টিতে ছোট বিষয় মনে হলেও এটি কিন্তু বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। পেশির টান বা ব্যথা কীভাবে দূর হবে, ত বোঝার জন্য আগে জানতে হবে, এই ব্যথা কেন হয়। পেশির মধ্যে পানির পরিমাণ কমে গেলে, পেশি তার ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতা হারায়। সেই কারণেই প্রয়োজনমতো সংকোচন-প্রসারণ করে উঠতে পারে না। তাই হঠাৎ প্রসারণের ফলে সেখানে আঘাত লাগে। পেশিতে প্রয়োজনীয় মিনারেল বা খনিজ পদার্থের অভাবেও এই সমস্যা হতে পারে।

যেকোনো বয়সে যে কারওরই হতে পারে এ সমস্যা। তবে বয়স্ক ও নারীদের মধ্যে এই পেশিতে টান পড়ার প্রবণতা বেশি।
যেসব কারনে পায়ের পেশিতে টান লাগে। যেমন—
- অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রম করলে কিংবা পায়ের পেশিতে বেশি চাপ পড়লে।
- টানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে।
- পানিশূন্যতা।
- শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে।
- গর্ভাবস্থায়, বিশেষ করে শেষ ৩ মাসে।
- এ ছাড়া পায়ে রক্ত চলাচল ব্যাহত হলে, অতিরিক্ত মাদকাসক্তি, বাত, ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি, হার্টের সমস্যার জন্যও এমন হতে পারে।
- হাতে-পায়ের পেশিতে টান ধরলে করনীয় কি?
- পায়ে টান পড়লে দ্রুত পেশিকে রিলাক্স করতে হবে। পেশি প্রসারিত হলে ব্যথাও কমবে। পায়ের পেছনের পেশিতে ব্যথা হলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলগুলো নিজের দিকে টানতে হবে, সঙ্গে মাংসপেশিতে হালকা মালিশ বা ম্যাসেজ করা যেতে পারে।
- পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারেন।
- হট ওয়াটার ব্যাগ দিয়ে কিছুক্ষণ গরম সেক দিতে পারেন আবার পেশি ফুলে গেলে আইসব্যাগ ব্যবহার করা যেতে পারে।
তবে সমস্যাটা যদি প্রায়ই হয় কিংবা টান লেগে পেশি ফুলে যায় বা পায়ের চামড়ার রং পরিবর্তন হয়, পা ঝিন ঝিন বা অবশ হয়ে আসে, শরীরের অন্যান্য জায়গায়ও ব্যথা হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।