বাংলাদেশে বিনিয়োগ বাড়ান পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশি উদ্যোক্তা হোন কিংবা বিদেশি বিনিয়োগকারী- বাংলাদেশে কেউ মূলধন বিনিয়োগ করলে সরকারও সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তার পাশে থাকবে। এটি শুধু আশ্বাস নয়, সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনে ফরেইন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফসিসিআই এফডিআই কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন। বিদেশি বিনিয়োগের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে।

নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কোনো ব্যবসার সাফল্য শুধু উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন বিনিয়োগবান্ধব সরকারি নীতিমালা ও কার্যকর প্রাতিষ্ঠানিক সহযোগিতা।

বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ ও দক্ষ মানবসম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নির্বাচিত সরকারের নেতৃত্ব বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সবশেষে বিনিয়োগকারীদের বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক যাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

শেয়ারবিডিনিউজ/মি.র