গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্যে দিয়ে প্রথম নারী মেয়র পেলো গাজীপুরবাসী। বৃহস্পতিবার দিবাগত রাতর দেড়টার দিকে ৪৮০ কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা অঞ্চলের কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

ফল ঘোষণার পরপরই উল্লাসের বিজয় মিছিল বের করে গাজীপুরের লোকজন।
রিটার্নিং অফিসারের কার্যালয় বাইরে ও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করতে দেখা যায় সমর্থকদের।
জায়েদা খাতুন হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন। আর সিটি কর্পোরেশন হওয়ার পর জায়দাই হলেন মহানগরীর তৃতীয় মেয়র।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০ টি কেন্দ্রের বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোন ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট ।

গাজীপুরে নির্বাচনে ৩৩৩ জন প্রার্থীর ভোট যুদ্ধে অংশ নেন। এরমধ্যে মেয়র পদে ৮ জন,
সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছে।

শেয়ারবিডিনিউজ/ মি.র