ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (২১ জুন) অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২২ জুন) থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল থেকে কলেজের এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ছাত্র-ছাত্রীদের আগামীকাল দুপুরে ১২টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।

একাডেমিক কাউন্সিল আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের সহযোগিতায় এ সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন সেগুলো হলো-

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাশ করতে হবে।

২. নতুন আবাসন ব্যবস্থা গড়ে না তোলা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।

৩. নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ দিতে হবে এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৪. পুরনো একাডেমিক ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা করতে হবে এবং শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা ও নতুন ভবনের বাজেট পাশ করতে হবে।

৫. আন্দোলন চলাকালীন কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় করতে হবে।

শেয়ারবিডিনিউজ/মি.র