
-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে মানুষকে চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ছোটাছুটি করতে হবে না; বরং ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে।
শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। জনস্বাস্থ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা সহজলভ্য ও সর্বজনীন করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে স্বাস্থ্যখাতের এই লক্ষ্য পূরণ সম্ভব হবে।
নরসিংদীর স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের কথাও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনে যারা সমর্থন দিয়েছেন এবং যারা দেননি—সব নাগরিকের প্রতিই সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ারবিডি নিউজ, 20/02/2026